শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ১০:৫৬ এএম
রাজধানীর তুরাগে গাঁজা বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে এক মাদক কারবারির হাতে আরেক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব (২৭)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তুরাগের রূপায়ন সিটির ভেতরে একটি শ্রমিক মেসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সজিব গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া গ্রামের মৃত নুর জামালের ছেলে। বর্তমানে তিনি তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, সজিব অভিযুক্ত রুবেলের হয়ে গাঁজা বিক্রি করতেন। গাঁজা বিক্রির এক হাজার টাকা কম দেওয়াকে কেন্দ্র করে রুবেল ও তার কয়েকজন সহযোগী সজিবকে কাঠের লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রুবেল তুরাগ এলাকার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সজিব তার হয়ে গাঁজা বিক্রি করতেন। বিক্রির এক হাজার টাকা কম দেওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ প্রথমে বাসায় নিয়ে যাওয়া হলেও পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরটিভি/জেএমএ