images

জাতীয় / অপরাধ / আইন-বিচার / দেশজুড়ে

পাহাড় কাটার জন্য  স্যানমার গ্রিন পার্ককে জরিমানা

বুধবার, ০৪ নভেম্বর ২০২০ , ০৯:৩৮ পিএম

চট্টগ্রাম নগরীর আরেফিননগর এলাকায় জালালাবাদে ‘স্যানমার গ্রিন পার্ক’ নামক নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষ কর্তৃক পাহাড় কাটার দায়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরে স্যানমার প্রপার্টিজ কর্তৃপক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানিতে ১০০০ বর্গফুট পরিমানে পাহাড় কর্তনের বিষয়টি প্রমাণিত হওয়ায় পাহাড় কর্তনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে ‘স্যানমার গ্রিন পার্ক’ কর্তৃপক্ষের বিরুদ্ধে দুই লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ আরোপ করা হয় ।

 বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। জানা যায়, এর আগে উপ-পরিচালক  মিয়া মাহমুদুল হক ও পরিদর্শক জনাব আবুল মুনসুর মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নির্মাণাধীন ২৬ তলা ভবনের দক্ষিণ-পশ্চিম অংশে সাম্প্রতিক সময়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। 

 পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী আরও জানিয়েছেন, ধার্যকৃত অর্থ আগামী সাত দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয় । এছাড়া পাহাড় পূর্বাবস্থায় ফিরিয়ে আনাসহ পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়পত্র ব্যতীত ভূমিতে পাহাড় কাটা, বহুতল ভবন অথবা কোনোরুপ উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি