images

দেশজুড়ে

নলকূপ থেকে এখনো বের হচ্ছে দুর্গন্ধযুক্ত গরম পানি

শুক্রবার, ১২ মে ২০১৭ , ০৫:১৫ পিএম

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কয়েকটি গ্রামের অর্ধশতাধিক নলকূপ থেকে বের হচ্ছে গরম ও দুর্গন্ধযুক্ত পানি। এ পানি পান করে চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। বিকল্প না থাকায় এ পানিই পান করতে হচ্ছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী, ভেইয়ার কোণা, সিকদার পাড়া, নয়াপাড়া, আজবপুরসহ বেশ কয়েকটি গ্রামে নলকূপ থেকে গরম পানি বের হচ্ছে। কেউ কেউ নতুন করে নলকূপ বসানোর পরও মিলছে একই ফল।

ভেইয়ার কোণা গ্রামের আব্দুল আশিদ বলেন, অনেক দিন ধরেই টিউবওয়েল থেকে গরম পানি বের হচ্ছে। আমরা এ পানিই পান করছি। নানা অসুখ-বিসুখেও ভুগছি।

ভেইয়ার কোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চৈতি পাল বলেন, পানি শুধু গরমই নয়, দুর্গন্ধ ও বালিযুক্ত। এ পানি পান করে শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।

ধলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার সবুজ আহমেদ ভূইয়া বলেন, ধলা ইউনিয়নের ৫০ টিরও বেশি টিউবওয়েল থেকে গরম পানি বের হচ্ছে। আমরা কি করবো ভেবে পাচ্ছি না।

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুলতানা আক্তার এ বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দরকারি পদক্ষেপ নেয়া হবে।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্গন্ধযুক্ত পানি পান করলে চর্মরোগ ও মস্তিষ্কের ক্ষতিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তোজাম্মেল হক জানিয়েছেন, কম গভীরতা সম্পন্ন নলকূপ থেকেই গরম পানি বের হচ্ছে। আর এ পানির তাপমাত্রা সাধারণ পানির চেয়ে অনেক বেশি।

উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম দ্বারা শিগগির এ পানি পরীক্ষা করা হবে বলে তিনি জানিয়েছেন।

কে/এমকে