মঙ্গলবার, ২৩ মে ২০১৭ , ০১:৪৭ পিএম
চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তিনজনের পেট থেকে ৩২শ’ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো শাখার উপ পরিচালক শামীম আহমেদ আরটিভি অনলাইনকে জানান, সোমবার মধ্যরাতে নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গবাজার এলাকায় ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি বাসে এ অভিযান চালানো হয়। এসময় তিনজনকে সন্দেহ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে এক্সওে করার পর নিশ্চিত হওয়া যায় তাদের পেটে ইয়াবা রয়েছে।
শামীম আহমেদ আরো বলেন, আটক রবি আলম, পেঠান ও ফরিদকে বমির ওষুধ খাওয়ানোর পর কায়িক পদ্ধতির মাধ্যমে কস্টেপে মোড়ানো ৬৪টি ইয়াবার পুটলি বের করা হয়। প্রতিটি পুটলির মধ্যে ৫০টি করে ইয়াবা বড়ি টেপদিয়ে মোড়ানো ছিল। যেখানে ৩২শ’ পিস ইয়াবা ছিলো।
আসামিদের বরাত দিয়ে তিনি আরো বলেন, কক্সবাজার থেকে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন এই মাদক পাচারকারীরা। কোতোয়ালী থানায় মাদক দ্রব্য আইনে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান শামীম আহমেদ।
আর/জেএইচ