সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২ , ০৫:২৮ পিএম
বরগুনা পৌরসভার কলেজ ব্রাঞ্চ সড়ক এলাকায় চাচার মৃত্যুর শোকে অসুস্থ হয়ে ১২ ঘণ্টা পর মারা গেলেন ভাতিজাও।
গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা মহাশ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মৃতরা হলেন- কলেজ ব্রাঞ্চ সড়কের বাসিন্দা নির্মল রায় (৬৭) এবং তার বড় ভাই প্রয়াত সতিশ চন্দ্র রায়ের বড় ছেলে জীবন কৃষ্ণ রায় (৫৮)। নির্মল রায় পৌর শহরে দীর্ঘদিন ধরে দরজির কাজ করছিলেন। আর তার ভাতিজা জীবন কৃষ্ণ রায় বরগুনা মৎস্য অফিসে কর্মরত ছিলেন।
তাদের পরিবার জানিয়েছেন, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে চাচা ও ভাতিজার মৃত্যু হয়। এদের মধ্যে চাচা নির্মল রায় শনিবার দিনগত রাত ৩টায় আর জীবন কৃষ্ণ রায় রোববার বিকেল ৩টায় মারা যান।
বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রাইসুল আলম রিপন বলেন, শনিবার রাতে নির্মল রায় বার্ধক্যজনিত কারণে মারা যান। পরে রোববার বিকেলে চাচার শোকে অসুস্থ হয়ে ভাতিজা জীবন কৃষ্ণ রায়ও মারা যান।