images

দেশজুড়ে

পুকুরে মাছ ধরতে নেমে প্রাণ গেল দাদা-নাতির

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ , ০৭:১২ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দাদা-নাতি নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর কুটি পাড়া গ্রামের মৃত গফুর মুন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।

জানা গেছে, আজ মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ্যুতের ওই তারে লিকেজ ছিল। এ সময় বিষয়টি জানতেন না এমদাদুল। পরে তিনি পানিতে নামলে বিদ্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরলে সেও বিদ্যুতায়িত হয়। এতে দুজনই নিহত হন। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, বিদ্যুতায়িতদের পরিবারের সদস্যরা প্রথমে রাকেশকে ভূরুঙ্গামারী হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এমদাদুলকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকেও মৃত ঘোষণা করা হয়। 

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমা হক জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত শিশুটির মৃত্যু হয়েছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জিএম