images

দেশজুড়ে

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চৌধুরী ভাস্কর হোম

শনিবার, ১১ জুন ২০২২ , ০৮:৩৩ পিএম

সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-সিলেট-আখাউড়া রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার (১১ জুন) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে এ সড়ক দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জে পারাবত এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শমশেরনগর স্টেশনমাস্টার মো. জামাল উদ্দিন বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটের পর থেকে এ সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় ‘জয়ন্তিকা এক্সপ্রেস লংলা স্টেশনে ও পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়লেও সেগুলো নিজ নিজ গন্তব্যে চলে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগে সেটি জানা যায়নি।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল বলেন, ট্রেনের পাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্রাংকিতে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন বলেন, ট্রেনটি প্রায় ১টার দিকে শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। এঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে আটকা পড়ে। তবে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আসলেও রেলপথ বিকেল ৪টা ৪০ মিনিটের সময় ট্রেন চলাচল শুরু করে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্থানীয় লোকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ঘটনায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হককে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়।