images

দেশজুড়ে

হিলিতে প্রথমবার সরিষা ফুল থেকে মধু সংগ্রহ শুরু

মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:১০ এএম

দিনাজপুরের হিলিতে এই প্রথমবারের মতো সরিষা ফুল থেকে মধু সংগ্রহ শুরু হয়েছে। প্রথমে ২৫টি বক্স বসিয়ে মধু সংগ্রহ শুরু করলেও পরবর্তিতে ৮০টি বক্স বসিয়ে মধু সংগ্রহের কার্যক্রম শুরু করেন চাষিরা। এক সপ্তাহ পর পর প্রতিটি মৌ বক্স থেকে মধু আহরণ হচ্ছে তিন থেকে চার কেজি। আগামীতে আরও বড় পরিসরে কৃষকদের নিয়ে মধু চাষের আশা উপজেলা কৃষি বিভাগের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলার মাঠগুলোতে সরিষা চাষ হচ্ছে। এতে দৃষ্টিসীমাজুড়ে হলুদ আর হলুদ। সরকারি সহযোগিতায় এ উপজেলায় বেড়েছে সরিষার চাষ। সেই সুযোগে ফাঁকা ১৬ শতক জমির ওপর মধু সংগ্রহে বসিয়েছেন ৮০টি বক্স। এখান থেকে সপ্তাহে ৪-৫ মণ মধু সংগ্রহ করছেন চাষিরা।

মৌ চাষিদের বক্সে পালিত মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌ বক্সে জমা করছে। চাষিরা প্রক্রিয়াজাত করণের মাধ্যমে মধু সংগ্রহ করে তা বিক্রি করছেন। মৌ চাষের মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবানও হচ্ছে। একই সঙ্গে দূর হচ্ছে বেকারত্ব। প্রতি কেজি মধু বিক্রি করছেন ৪০০ টাকা করে। স্থানীয় ছাড়াও আশপাশে এলাকার লোকজন এসব মধু কিনছে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, এ উপজেলায় এবার সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০০ হেক্টর, আর অর্জন হয়েছে ২ হাজার ৪৭০ হেক্টর জমি।

এদিকে এলাকায় প্রথম মৌ বক্সের মাধ্যমে মধু সংগ্রহের যেকোনো সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আগামীতে কৃষকদের নিয়ে আরও বড় পরিসরে মৌ বক্স স্থাপন করার আশা উপজেলা কৃষি বিভাগের।