সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:২১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক আসন সংখ্যা প্রকাশ হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এ বছর ঢাবিতে ভর্তি পরীক্ষা মোট চারটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’,
‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’। এই চার ইউনিট মিলে মোট আসন সংখ্যা ৫ হাজার ৯৬৫টি। অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমে ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
চারুকলা ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি।
শিক্ষার্থীরা ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে।