বুধবার, ০৭ জুন ২০২৩ , ০৪:৪১ এএম
নোয়াখালীর সুবর্ণচরে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের দক্ষিণ চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।
অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) সঙ্গে একই উপজেলার চরভাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। দুপুরে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন করে বর-কনে চলে যায়। কাগজে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস আর বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে কাজি মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ সহযোগিতা করেন।