শনিবার, ০৫ আগস্ট ২০২৩ , ০৫:২৩ পিএম
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নে গর্তে জমে থাকা পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টায় ওই ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘোষগাঁও গ্রামের মৃত কবরি হোসনের ছেলে হাসান (৭) ও হোসাইন (৭)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দুই ভাই ঘরের পাশে খেলা করছিল। পরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টায় বাড়ির পাশের একটি গর্তে জমে থাকা পানিতে তাদের দেখতে পান। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই ঘটনা শুনেছি।