মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ , ০৮:৩৬ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) নামে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে জসিম উদ্দিন (৩০) আহত হন।
সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছৈয়দুরখীল গ্রামের বাড়িতে তাদের ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আমির হোসেন এবং মঙ্গলবার সকালে জুলেখা বেগম মারা যান।
সরফভাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল মোনাফ বলেন, সোমবার রাত ১০টার দিকে আমির হোসেনের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা। তারা আমির হোসেনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় আমির হোসেন এবং মঙ্গলবার সকালে জুলেখা বেগম মারা যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিম।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।