শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ , ১১:১৩ পিএম
আর কিছুক্ষণ পরেই রাত বারোটা বাজলেই ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয়ে ১৫ ডিসেম্বর থেকে হবে ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসের প্রথম প্রহর। দেশজুড়ে সরকারি সকল প্রতিষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত হলেও চট্টগ্রাম জিপিও (জেনারেল পোস্ট অফিস) রয়েছে অন্ধকারে।
এতে চট্টগ্রামের সাধারণ মানুষের মনে বিরাজ করছে ক্ষোভ। চট্টগ্রাম জিপিও কি রাষ্ট্রের এমন অর্জন কিংবা এমন মহান দিনে আনন্দিত না, এ প্রশ্ন তুলছেন অনেকেই।

জিপিও দেশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যার মাধ্যমে দেশে অতি গুরুত্বপূর্ণ সকল তথ্য আদান প্রদান হয়। দেশের এমন মহান দিনে জিপিওর মতো প্রতিষ্ঠানের এমন আচরণ কিংবা রাষ্ট্রের অর্জনের এমন দিনে তাদের অন্ধকারে থাকা খুব একটা ভালোভাবে দেখছেন না মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ।
এ নিয়ে চট্টগ্রাম জিপিও এর সিনিয়র পোস্টমাস্টার মো. মহসিন উদ্দিনকে বারবার কল দেওয়ার পরও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল সালেহ আহমদ বলেন, আমি এই বিষয়টি জানিনা। ওখানকার দায়িত্বরত কর্মকর্তা কেন আলোকসজ্জা করেননি আমি আপনাকে জেনে জানাবো।