images

দেশজুড়ে

ফেনীতে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে থাকবেন ২১  

রোববার, ১৭ ডিসেম্বর ২০২৩ , ০৮:০৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফেনীর তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ (ইনু) এর প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১ জন, জাসদের ১ জন এবং জাকের পার্টির ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেনীর ৩টি আসনে আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থী ছিলেন ২৬ জন। তাদের মধ্যে ৫ জন মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচনী মাঠে থাকবেন ২১ জন প্রার্থী। 

রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার জানান, ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম) আসনে দুজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন জাসদের প্রার্থী শিরিন আখতার ও জাকের পার্টির প্রার্থী রহিম উল্লাহ ভূঞা। ফেনী-২ আসনে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি হলেন জাকের পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম। ফেনী-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন দুজন। তার মধ্যে একজন আওয়ামী লীগের আবুল বাশার অন্যজন জাকের পার্টির প্রার্থী মো. আবুল হোসেন।