images

দেশজুড়ে

সাতক্ষীরা সদরে জাপার মশিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত

বুধবার, ২৯ মে ২০২৪ , ০৯:৪১ পিএম

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন। তিনি পেয়েছেন ২৩ হাজার ৬২০ ভোট।

বুধবার (২৯ মে) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মেহেদী হাসান বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ১১২টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ও মামলা জটিলতার কারণে ২৫ উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে। সে হিসেবে আজ ৮৭ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো—

বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দীন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা, রাঙ্গামাটির বাঘাইছড়ি, নেত্রকোণার খালিয়াজুরী এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হন।

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২২ জন। ২১ মে এই ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। আগামী ৫ জুন চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।