শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭ , ০২:৪২ পিএম
বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণের পর মধ্যরাতে ঘোষিত হয়েছে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী ফলাফল। এতে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। শুক্রবার সকালে আরটিভি অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন স্টাফ রিপোর্টার সিয়াম সারোয়ার জামিল।
আরটিভি অনলাইন : ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে আপনি জয়ী হয়েছেন, সেক্ষেত্রে রংপুরের উন্নয়নে সরকারের কতটুকু সহযোগিতা পাবেন?
মোস্তাফিজার রহমান: ৭ মেয়র প্রার্থীর কেউই কিন্তু নির্বাচনী ইশতেহার দেননি। কেবল আমিই দিয়েছি। কারণ, আমি প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষাও করি। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে রংপুরকে বদলে দিতে চাই। আমি জানি, তিনি আমাকে সহযোগিতা করবেন। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী এই রংপুরেরই পুত্রবধূ। তিনি যে এলাকার পুত্রবধূ, আমি সে এলাকার মেয়র। তিনি রংপুরবাসীর আপনজন হয়ে এ এলাকার উন্নয়নের স্বার্থে পিছপা হবেন না।
আরটিভি অনলাইন : পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেন। এই পাঁচ বছর নিয়ে কোনো পরিকল্পনা করেছেন?
মোস্তাফিজার রহমান: আমি পাঁচ বছর নয়, রংপুর সিটির পঞ্চাশ বছর নিয়ে ভাবছি। রংপুর নগরী এখনো অনুন্নত। নাগরিক সেবায় তারা অনেক পিছিয়ে। আমি যদি দীর্ঘমেয়াদী মেগা প্ল্যান না করি, তাহলে নগরবাসী পিছিয়ে পড়বে। আধুনিক ডিজিটাল নগরী গড়তে যা করণীয়, সবকিছুই করবো।
আরটিভি অনলাইন : দায়িত্ব নিয়েই প্রথম কোন কাজটি করবেন?
মোস্তাফিজার রহমান: দায়িত্ব নিয়েই তিনটি কাজ করবো। প্রথম কাজটাই হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানো। নগরের জলাবদ্ধতা দূর করতে দখল হয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল উদ্ধার করতে হবে। যানজট দূর করাটা আরেকটি কাজ। সে জন্যে সংশ্লিষ্টদের সঙ্গে বসবো।
আরটিভি অনলাইন : আপনি বলছিলেন ডিজিটাল নগরী গড়বেন। সে জন্য কি করতে চান?
মোস্তাফিজার রহমান: সব কাজের জন্য সিটি যেতে হবে কেন ডিজিটাল হবে? জনগণের কাছে সেবাটা দ্রুত পৌঁছে দিতে চাই। এজন্য ৪৪ কাউন্সিলরের জন্য অফিস করার পরিকল্পনা করেছি। যেখানে ইন্টারনেটের সহায়তায় দ্রুত সেবা দেয়া যায়।
আরটিভি অনলাইন : আপনার বিজয়কে কি জাতীয় রাজনীতিতে টার্নিং পয়েন্ট ভাবছেন?
মোস্তাফিজার রহমান: সেটা তো অবশ্যই। এ বিজয়ের মধ্য দিয়ে জনগণ নতুন একটা বার্তা দিয়েছে। যারা জাতীয় পার্টির জনপ্রিয়তা কমে গেছে বলছিল, তাদের একটা জবাব দেয়া হয়েছে। রংপুর জাতীয় পার্টির দুর্গ, রংপুরের মানুষের মনে এখনো এরশাদ অটুট আছেন।
আরটিভি অনলাইন: পরাজিত প্রার্থীদের কোনো সহযোগিতা নেবেন?
মোস্তাফিজার রহমান: সবার সহযোগিতাই নিব। সবার কাছেই যাব। একে একে সব প্রার্থীর কাছেই যাব। তাদের শুভেচ্ছা জানাবো। কাউকে নিয়ে কটূ কথা বলতে চাই না। তবে এ নির্বাচনে একটা বিষয় স্পষ্ট, বিগত মেয়র জনগণের সাথে ভালো বন্ডিং তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন। সে কারণেই পরাজয় হয়েছে। আমি জনগণের জন্য রাজনীতি করি, জনগণ আর আমার মাঝে কোনো দেয়াল থাকবে না।
এসজে/এমসি/পি