সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১০:০৮ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে দেশের ওপর জনগণের মালিকানা নবায়নই হবে সবচেয়ে বড় সংস্কার। সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নির্বাচনকে প্রলম্বিত করবে। পাশাপাশি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলবে।
সোমবার (১৭ মার্চ) বিকেলে হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মীয় নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, ছাত্র, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কথা বলেন।
হালুয়াঘাটের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট হচ্ছে আলোর নিচে অন্ধকার। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও হালুয়াঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন না-হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদের অবসানের পর নতুন বাংলাদেশের অভিযাত্রায় অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত জনপদে পরিণত করা হবে। হালুয়াঘাটে বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কলকারখানা স্থাপন, মাদক নির্মূল, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, উন্নয়ন নিয়ে রাজনীতি ঘৃণা করে। বিএনপির কাছে সবার ওপরে বাংলাদেশ, সেটা দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতিকে প্রাধান্য দেয়। বিএনপি দেশ ও জনগণের স্বার্থে বাস্তবভিত্তিক রাজনীতি করে। দেশ ও জনকল্যাণে যা কিছু ভালো, দলীয় স্বার্থের বাইরে গেলেও বিএনপি তা গ্রহণ করতে দ্বিধা করে না। কিন্তু দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন কোন কাজ বিএনপি করতে পরে না।
ইফতার মাহফিলে সহকারী পুলিশ সুপার সাগর সরকার, হলুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা প্রকৌশলী আবু মোহাম্মদ ফয়জুল হক, সমবায় অফিসার আবদুল মজিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জামায়াতে ইসলামী হলুয়াঘাট উপজেলা আমির মোয়াজ্জেম হোসেন, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সদস্য সচিব আবদুল আজিজ খান, সিনিয়র আইনজীবি মাহবুবউল আলম স্বপন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ সাদমান ডুনন, জেল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিবুল হক টুটুল, হলুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল সরকার, ট্রাইবেল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুব্রত রেমা, হলুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার ধর, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজ, হলুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, ছাত্র গণঅভ্যুত্থানে নিহত শহীদ বিজয় ফরাজীর পিতা সাইদুল ফরাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
আরটিভি/এমএ