images

দেশজুড়ে

হিলিতে কমেছে দেশি শুকনো মরিচের দাম

বুধবার, ০৭ মে ২০২৫ , ০২:১৯ পিএম

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি শুকনো মরিচের দাম। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা কমে বর্তমানে শুকনো মরিচ প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

বুধবার (৭ মে) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। 

হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা ইব্রাহিম হোসেন নামে একজন ক্রেতা বলেন, সামনে কোরবানি ঈদ, এই ঈদে শুকনো মরিচের চাহিদা বেশি থাকে। এর কারণে বাজারে শুকনো মরিচ কিনতে আসছি। তবে আগের থেকে দাম কিছুটা কমেছে। বর্তমানে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত ১০ দিন আগে কিনেছিলাম ৩০০ টাকা কেজি দরে। দাম কম হওয়ার কারনে দুই কেজি কিনলাম। বাজার নিয়ন্ত্রণে থাকলে আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত মনিটরিং করা দরকার। কিন্তু হিলিতে নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। 

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দেশি শুকনো মরিচের দাম অনেকটাই কমেছে। কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমেছে। মোকামে প্রচুর পরিমান শুকনো মরিচ মজুদ রয়েছে। কৃষকরা প্রতিদিন বাজারে বিক্রি করতে আসছেন। কৃষকের মাঠে এখনও প্রচুর পরিমাণ শুকনো মরিচ রয়েছে। সামনে ঈদকে রেখে দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 

আরটিভি/এমকে/এআর