images

দেশজুড়ে

বালুর নিচে মিলল রাইফেল ও দেশীয় হাতবোমা

বুধবার, ১৪ মে ২০২৫ , ১২:৪৯ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে ২টি রাইফেল, এক রাউন্ড গুলি ও ৬টি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল এনএমএন আলিম মাদরাসা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ পৌরসভাধীন বলাখাল এনএমএন আলিম মাদরাসা সম্মুখ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থানে কনস্ট্রাকশন নির্মাণাধীন একটি ভবনের সামনে রাখা বালুর নিচ থেকে অস্ত্র, গুলি ও হাতবোমা উদ্ধার করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চুরি যাওয়া ১টি ৭.৬২ মি.মি. চাইনিজ রাইফেল, স্থানীয়ভাবে তৈরি ১টি ৭.৬২ মি.মি. রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি) এবং স্থানীয়ভাবে তৈরি ৬টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, উদ্ধারকৃত রাইফেল, গুলি ও হাতবোমা আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে