images

দেশজুড়ে

ধানক্ষেতে ২ ঘণ্টা আটকা হেলিকপ্টার, অতঃপর...

রোববার, ০১ জুন ২০২৫ , ০৩:৩১ এএম

প্রচণ্ড বৃষ্টির মধ্যে ঢাকার ধামরাইয়ে ধানক্ষেতের মধ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয় একটি হেলিকপ্টার। আর সেই ধানক্ষেতের কাদা-পানিতেই হেলিকপ্টারটি প্রায় দুই ঘণ্টা আটকে ছিল বলে জানা যায়। 

শনিবার (৩১ মে) বিকেলে রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু। 

তিনি বলেন, বেলা ৩টায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় একটি হেলিকপ্টার রোয়াইল ও সুয়াপুর ইউনিয়নের মাঝামাঝি ছেনাইল চকের একটি ধানক্ষেতে জরুরিভাবে নেমে পড়ে। এ সময় হেলিকপ্টারটি কাদা-পানিতে দেবে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক লোক হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়। 

সাবেক এ ইউপি চেয়ারম্যান আরও বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালানোর পর বিকেল ৫টায় পাইলট হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যান। তবে এটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হেলিকপ্টার দেবে যাওয়ার বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

আরটিভি/এমকে