শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৭:১৩ এএম
নিজ দেশের জন্য চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামে এক চাষির আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় আবদেলোহাব সাইদানি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও চাষিদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়।
তিনি আরও বলেন, ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে আলজেরিয়া।
এ সময় উপস্থিত আমচাষি আহসান হাবিব বলেন, কয়েক বছর থেকে আমচাষিরা ক্ষতিগ্রস্ত। আমদানি অনেক বেশি কিন্তু সে পরিমাণে বিদেশে আম রপ্তানি হচ্ছে না। তবে সন্ধ্যায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার আম বাগান পরিদর্শন করে এখানকার আম পছন্দ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন তারা এখানকার আম নিতে চান।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, জেলার আম প্রক্রিয়াজাতকরণের কয়েকটি ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি এখানকার আমও পছন্দ করেছেন।
তিনি আরও বলেন, চাষিদের সঙ্গে মিশে কাজ করতে চান আলজেরিয়ার রাষ্ট্রদূত। কোনো মাধ্যম ছাড়া সরাসরি আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।
আরটিভি/এমকে