images

দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত, রেললাইন অবরোধ

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৯:৪৬ পিএম

চুয়াডাঙ্গায় ট্রেন দুর্ঘটনায় জীবন আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার আমিরপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জীবন আহমেদ আমিরপুর গ্রামের আরমান আলীর একমাত্র ছেলে। ওই ঘটনায় রেলগেটের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জীবন আহমেদ মোটরসাইকেলে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন। পথে তার নিজ গ্রামের রেলগেট অতিক্রম করার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর জীবন আহমেদের দেহ কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও, মোটরসাইকেলটি ট্রেনের নিচে আটকে যায়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামলে সেখানে মোটরসাইকেলটি সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে। পরে ট্রেন থামিয়ে রেলগেটের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় এক ঘণ্টা যাবত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকে রাখেন স্থানীয়রা। এতে খুলনার সঙ্গে উত্তরাঞ্চল ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জগদীশ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম পৌঁছায়। ওই ঘটনায় প্রয়োজনীয় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ/এস