images

দেশজুড়ে

বিএসএফের গুলিতে নিহত কৃষকের মরদেহ ৭ দিন পর হস্তান্তর

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ১০:৪৪ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইবরাহিম বাবুর মরদেহ ৭ দিন পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারত। মঙ্গলবার রাত পৌনে ৯টায় দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। 

বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ।

জানা যায়, পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্ট। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমির বলেন, আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ জুলাই দুপুরে ইবরাহিম বাবু (২৮) ঝাঁঝাডাঙা সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইবরাহিম ঝাঁঝাডাঙা গ্রামের নুর ইসলামের ছেলে।

আরটিভি/এমকে