images

দেশজুড়ে

নালায় পড়ে নিখোঁজ ৩ বছরের শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০৫:৩৯ পিএম

চট্টগ্রামে প্রায়ই খাল ও নালায় পড়ে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এর আগে একাধিক ঘটনায় প্রাণহানিও ঘটেছে। নতুন খবর হলো, এবার হালিশহর এলাকায় নালায় পড়ে ৩ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামে নালার ওপর ঢাকনা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

এর আগে, গত ১৮ এপ্রিল নগরের এক সড়কে রিকশা থেকে ছিটকে উন্মুক্ত নালায় পড়ে যান দুই নারী ও তাদের সঙ্গে থাকা ছয় মাস বয়সী শিশু সেহরীস। পরে স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও পানির স্রোতে তলিয়ে যায় শিশুটি। পরদিন চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

তার আগে ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দীর্ঘদিন উদ্ধার অভিযান চালানো হলেও তার মরদেহ আর পাওয়া যায়নি।একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান। 

পরে ওই বছরের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর মুরাদপুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। 

এরপর ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে যায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত। ১৭ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হয় তার মরদেহ। 

আরটিভি/আইএম/এস