images

দেশজুড়ে

বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী: মনিরুজ্জামান মন্টু

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৭:৩৮ পিএম

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন নিশ্চিত করছে। তিনি বলেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র শিকলবন্দি থাকায় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত পৌরসভা বিএনপির ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্টু এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলাম। পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, বিএম কারুজ্জাম টুকু, এনামুল হক সজল, সুলতান মাহমুদ, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সদস্য সচিব এসএম এমদাদুল হক।

পাইকগাছা পৌরসভার ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে ৪২ ভোট পেয়ে রুহুল আমিন সরদার নির্বাচিত হন।

অন্যদিকে ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি প্রনব কান্তি মণ্ডল, বিএল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ এবং পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট একরামুল ইসলাম।

আরটিভি/এআর