শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ১০:০২ পিএম
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ এক্সপ্রেসে কাটা পড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০টি ভেড়া মারা গেছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাকৃবিতে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার গবেষণা কাজে ব্যবহৃত বিভিন্ন প্রজেক্টের তত্ত্বাবধানে থাকা ৪৭টি ভেড়া কেয়ারটেকার দেখভাল করতেন। সকালে ভেড়ার পাল খামার থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিল। ঠিক সেই সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা ভেড়ার পালের মধ্যে ২০টি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি আরও জানান, এ ভেড়াগুলো দিয়ে তিনি ও তার ছাত্ররা বিভিন্ন আন্তর্জাতিক মানের গবেষণা কাজ চালিয়ে আসছিলেন। সব গবেষণা কাজের ফল স্বরুপ তিনি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। ভেড়াগুলোর মৃত্যুতে তিনি ও তার ছাত্ররা বাকরুদ্ধ হয়ে গেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেননি।
আরটিভি/ এমএ