images

দেশজুড়ে

‘ষড়যন্ত্রকারীদের বলে দিন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না’

বুধবার, ০৬ আগস্ট ২০২৫ , ১০:১৬ এএম

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের (জুলাইযোদ্ধা) ঐক্য বিনষ্ট করা হচ্ছে, অথচ আপনারা তা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দিন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’

মঙ্গলবার (৬ আগস্ট) নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন।

সভায় ডিআইজি আহসান হাবীব জুলাই অভ্যুত্থানে পুলিশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি কমিশন গঠনের প্রস্তাব দেন।

জুলাইযোদ্ধাদের উদ্দেশে এসপি সাইফুল ইসলাম বলেন, ‘ফেসবুক ও ইউটিউবে নানা কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। এটি শত্রুদের সাইবার যুদ্ধেরই অংশ। তারা আবার ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আমরাও যারা প্রশাসনে আছি, আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে।’

ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, ‘গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে আমরাও ব্যথিত। আমরা বুঝেছিলাম, পুলিশ একদিন বড় ধরনের ধাক্কায় পড়বে। ৩ আগস্টের পর অনেক পুলিশ সদস্য উপলব্ধি করেছিলেন, তাদের জনগণের পাশে থাকা উচিত ছিল। কিন্তু তৎকালীন নেতৃত্ব তা বুঝতে পারেনি। এটি একটি বড় ব্যর্থতা।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডিআইজি বলেন, ‘নেতৃত্বের প্রতি অনুরোধ থাকবে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেমন নতুন কমিশন গঠিত হয়েছে, তেমনি আপনারাও যদি সুযোগ পান, তাহলে পুলিশের এ ব্যর্থতা নিয়েও একটি কমিশন গঠন করুন। কাদের নেতৃত্বে, কাদের প্ররোচনায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা জরুরি। এটি কি অভ্যন্তরীণ কোনো ইস্যু ছিল, নাকি এর পেছনে কোনো বহিঃশত্রু কাজ করেছে, এসব নিয়ে ভাবার প্রয়োজন আছে।’

আরটিভি/এমকে