images

দেশজুড়ে

চাঁদা না দেওয়ায় প্রবাসীর হাতের কবজি কেটে দিল সন্ত্রাসীরা

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ০৫:৪০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি।

শনিবার (১৬ আগস্ট) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে।

আহত সালাউদ্দিন উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার গনি বলিগো বাড়ির প্রবাসী লাকী বেগমের ছেলে।  

ভুক্তভোগী প্রবাসীর মামা আব্দুল কাদের অভিযোগ করেন, সালাউদ্দিন তার মায়ের সাথে দক্ষিণ আফ্রিকা চাকরি করে জীবিকা নির্বাহ করত। গত এক বছর আগে তিনি দেশে আসেন। আগামী সেপ্টেম্বর মাসে তার কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকা রয়েছেন। গত ৩ থেকে ৪ মাস আগে সালাউদ্দিন তাদের আলীপুর গ্রামের নিজ বাড়ির কিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেন। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ, জাকের চাঁদা দাবি করে আসছে। সালাউদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ এড়াতে সালাউদ্দিন তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেন।

তিনি আরও বলেন, শনিবার সকালে সালাউদ্দিন মোটরসাইকেলে ভাড়া বাসা থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে রকি, সোহাগ, রাহাত, ফাহাদসহ আরও কয়েকজন এলাপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কবজি কেটে দেয়। ওই সময় হামলাকারীরা সালাউদ্দিনের সাথে থাকা ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা পাঠানো হয়।  

অভিযোগের বিষয়ে জানতে রকি, সোহাগ ও রাহাতের  মুঠোফোনে কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আরটিভি/আরএ