রোববার, ১৭ আগস্ট ২০২৫ , ০৬:৪৭ এএম
ঝিনাইদহের কালীগঞ্জে তিন বছরের এক শিশু তার আপন বাবা-মায়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযোগ উঠেছে, শিশুটিকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে গুরুতর দগ্ধ করা হয়েছে। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে লড়ছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ আগস্ট) শিশুটির কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ ও ক্ষত-বিক্ষত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিছানায় ব্যথায় ছোট্ট শিশুটি ছটফট করছে। অসহায় শিশুটির পাশে এখন কাঁদছেন কেবল তার নানি। হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরাও এ দৃশ্য দেখে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা-মা দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বে জড়িত ছিলেন। সেই বিরোধের জেরেই নিষ্পাপ শিশুটি এ নৃশংস নির্যাতনের শিকার হয়। ঘটনার পর শিশুটির মা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দ্রুত নির্যাতনকারী বাবা-মাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবাধিকার কর্মীরা বলেছেন, এ ধরনের পাশবিক নির্যাতন শুধু একটি শিশুর জীবনকেই নয়, সমাজের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে। তারা শিশুটির সুচিকিৎসা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া স্থানীয়ভাবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিশুটির চিকিৎসা খরচের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরটিভি/এমকে