images

দেশজুড়ে

জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে ১৩৭ পাথর লুটেরা চিহ্নিত

বুধবার, ২০ আগস্ট ২০২৫ , ১১:২৬ পিএম

সিলেটের আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে এই প্রতিবেদন জমা দেওয়া হয়, যা ছিল বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের কার্যালয় ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা পরের ঘটনা।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ সাত পৃষ্ঠার এই প্রতিবেদনটি জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করেন। যদিও তিনি প্রতিবেদনের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করেননি, তবে তদন্ত সূত্রের খবর অনুযায়ী, এতে লুটপাটের সঙ্গে জড়িত ১৩৭ জনের নাম উঠে এসেছে।

এছাড়াও, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পর্যটনকেন্দ্র ও পাথর সুরক্ষায় ১০ দফা সুপারিশ করা হয়েছে।

এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনা তদন্তের জন্য পদ্মাসন সিংহের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিকভাবে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল রবিবার, তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় নিয়ে বুধবার এটি দাখিল করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, সাদা পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত সোমবার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়।

বৃহস্পতিবার নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্ব নিতে যাচ্ছেন।

আরটিভি/এএইচ