শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ , ০৬:০০ এএম
দুর্জয় নামের এক কিশোরকে পেটানোর ঘটনায় নেত্রকোণার আটপাড়া উপজেলায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে বদলি করা হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইস্যু করা হলেও ২১ আগস্ট বিষয়টি সবার নজরে আসে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে, গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও রুয়েল সাংমার হাতে কিশোরকে বেধড়ক পেটানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, গত মার্চ মাসে ভিজিএফ চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে এবং আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। উপজেলার বানিয়াজান ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্জয় নামের এক কিশোর ভিড়ের মধ্যে চাল আনতে গেলে ইউএনওর শরীরে ধাক্কা লাগে। এ অপরাধে ইউএনও প্রথমে জনসম্মুখে তাকে চড়-থাপ্পড় দেন। পরে পরিষদের ভেতরে আনসার সদস্যের লাঠি নিয়ে নিজেই ওই কিশোরকে বেধড়ক মারধর করেন। এরপর ৪ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখার পর পরিবারের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
বদলির বিষয়ে কথা বলতে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বরে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোতাহার হোসেন নিশ্চিত করে বলেন, গতকাল (২০ আগস্ট) বদলির কাগজ হাতে পেয়েছি। তবে ইউএনও রুয়েল সাংমা এখনও আটপাড়াতেই অবস্থান করছেন।
আরটিভি/কেএইচ