images

দেশজুড়ে

অপারেশন থিয়েটারে রোগীকে পাশে রেখে নার্সের টিকটক, ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ , ০১:১৮ পিএম

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগী নিয়ে টিকটক ভিডিও বানিয়ে আপলোড করেছেন ক্লিনিকের নার্স প্রিয়া। অচেতন রোগীকে নিয়ে করা এ ভিডিও বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টিকে চরম দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত।

ভিডিওতে দেখা যায়, সিজার অপারেশনের সময় অচেতন অবস্থায় থাকা রোগীর পাশে দাঁড়িয়ে টিকটক করছেন প্রিয়া। এ ঘটনায় ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা প্রিয়া লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে। তিনি প্রত্যাশা ক্লিনিকে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

অভিযোগের বিষয়ে প্রিয়া নিজে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টি স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

তবে এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কার্যক্রম প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। সেখানে মুমূর্ষু রোগীকে রেখে টিকটক করা চরম দায়িত্বহীনতা ও সীমাহীন অপরাধ।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছে এবং স্বাস্থ্যসেবার মান নিয়েও প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।

আরটিভি/এমকে