images

দেশজুড়ে

সড়ক কার্পেটিংয়ের একদিনের মাথায় উঠে যাচ্ছে কার্পেট

মোঃ আব্দুল আজিজ

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৪৮ পিএম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের হিলি–বিরামপুর সড়কের লোহাচড়া মোড় থেকে গ্রামের ভেতর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ২৪ লাখ ৯৫ হাজার টাকার কাজটি পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মতিন এন্টারপ্রাইজ’। সেই অনুযায়ী বৃহস্পতিবার সড়ক কার্পেটিংয়ের কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। কিন্তু একদিনও না যেতেই সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরে কার্পেটিং উঠে যাচ্ছে। এমনকি ছোট শিশুরা হাত দিলেই চটে উঠে আসছে কার্পেটিং।

কয়েকজন পথচারী অভিযোগ করে বলেন, রাতের আঁধারে কোনো রকম পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াই কার্পেটিং করা হয়েছে। পিচও যথাযথভাবে দেওয়া হয়নি। সড়কের কিছু জায়গায় এজিং দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি। সরকারের এত টাকা ব্যয়ে এভাবে নিম্নমানের কাজ করলে সড়ক কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পুনরায় সঠিকভাবে কার্পেটিং করার দাবি জানান।

এ বিষয়ে ঠিকাদার আব্দুল মতিন ক্যামেরার সামনে না আসলেও দাবি করেছেন, কার্পেটিংয়ের সময় বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে, যা ঠিক করে দেওয়া হবে।

হাকিমপুর উপজেলা প্রকৌশলী এন্তাজুল রহমান বলেন, বৃষ্টিপাতের কারণে কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে তা মেরামত করতে হবে। যদি সঠিকভাবে কাজ না করা হয়, তাহলে বিল প্রদান করা হবে না।

আরটিভি/এমকে