images

দেশজুড়ে

সনদ ও প্রশিক্ষণ নেই, চেম্বারেই রোগীর অস্ত্রোপচার করেন রেজাউল করিম

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৪০ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজার থেকে রেজাউল করিম নামে এক ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।

জানা গেছে, কোনো ধরনের চিকিৎসা সনদ বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল করিম তার নামের আগে ‘ডাক্তার’ লিখে ব্যবস্থাপত্র দিতেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করেছেন। অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার প্রমাণও মেলে।
 
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি তার ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।
 
ডা. রায়হান ইসলাম শোভন বলেন, ‘স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করছিলেন। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আরটিভি/এস