মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০১:৩৩ পিএম
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাট্টা গাবতলী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মারা গেছে ৮টি ছাগল।
সোমবার (২০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের বিল্লাল মিয়ার বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শরিফুল, মঞ্জু মিয়া ও হাবিবুর রহমানের ঘরে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়, শস্য এবং আটটি ছাগল দগ্ধ হয়। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, তারা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরটিভি/এস