মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৭:২৯ পিএম
মানিকগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে। তরুণী কৌরী এলাকার বাসিন্দা।
জানা গেছে, তিন মাস আগে ওই তরুণীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠ। এক পর্যায়ে দুই পরিবার বিয়ে নিয়ে আলোচনা হয়। হঠাৎ করে গত কয়েকদিন তরুণী যোগাযোগ বন্ধ করে দেন। এরপর রবিউল তার বাড়িতে গিয়ে ফাঁসির দড়ি নিয়ে অনশনে বসেন। এ ঘটনায় আশপাশের এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
তরুণীর দাবি, রবিউলের সঙ্গে শুধু কথা আদান-প্রদান হয়েছে। এছাড়া মাঝে মাঝে দেখা-সাক্ষাৎ হয়েছে। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে মূলত আমার সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না। সে মানসিকভাবে ভারসাম্যহীন।
প্রেমিকার মা পারভীন আক্তার বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাসে থাকে। এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না।
এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, মেয়ে এবং মেয়ের পরিবার যদি রাজি না থাকে সেক্ষেত্রে সমাধানের কোনো পথ নেই। এটা নিয়ে পুলিশ দুই পক্ষের সঙ্গে বসে একটা সমাধান দেওয়া উচিত। পুলিশকে আমি বিষয়টি জানিয়েছি।
আরটিভি/এমএ