মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ০৮:০৮ পিএম
মাসকয়েক আগে ভিন্নধর্মী গায়ের রঙের কারণে আলোচনায় আসা রাঙামাটির বিরলপ্রজ বন্য হাতির শাবকটির মৃতদেহ মিলেছে কাপ্তাই হ্রদে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে হ্রদের পানিতে ভেসে আসার সময় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা সেখানে গেলেও মৃতদেহের পেছনে সাঁতরে আসা বন্য হাতির একটি পালের কারণে হাতিটিকে উদ্ধার করতে পারছেন না তারা।
রাঙামাটির বরকল উপজেলার দুর্গর বরুণাছড়ি এলাকায় বাজারের পাশেই হ্রদে ভাসমান মৃত হাতি শাবকটির দেখা মিলে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, বিরল রঙের হাতির শাবকটির মৃতদেহ পাওয়া গেছে। তবে আমরা হাতিটির কাছে যেতে পারছিনা। কারণ শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সড়িয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা মূলত অপেক্ষাই করছি।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি মা-হাতিসহ পাহাড় থেকে নামার সময় পা পিছলে শাবকটি হয়তো পানিতে পড়ে গেছে। সেখান থেকে আর উঠতে পারেনি।
প্রসঙ্গত, এ বছরেই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পাড় হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মত হাতিটির অস্তিত্বের সন্ধান মিললে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তখন বন্যপ্রাণীবিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনো কখনো এমন অদ্ভূত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত একটি হরমোনজনিত ইস্যু এবং হাতির জিনগত কোন অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙের ভিন্নতা আসে এবং এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।
আরটিভি/এমএ