মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ০৬:৫৩ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়ে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছেন। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাম পিন্টু বলেন, ষড়যন্ত্র করে তারা ১৫টি বছর মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল, গণতন্ত্র ধ্বংস করেছিল, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল। সেই ষড়যন্ত্র আজও রয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শুধু গ্রেপ্তারই করা হয়নি, তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। এতো কিছুর পরও তিনি আমাদের ছেড়ে যাননি।
কারা নির্যাতিত এ নেতা বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র প্রদীপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। যে কোন মূল্যের বিনিময়ে আগামী নির্বাচন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে সালাম পিন্টু বলেন, আপনারা যে নির্যাতন সহ্য করেছেন তা এই বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য। আমাদের উচিত সকলে মিলে ভাই ভাই হয়ে, বন্ধু হয়ে একত্রে বসবাস করার পরিবেশ তৈরি করা। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরটিভি/এমএ