বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০৮:০০ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মীর ওসমান গনি কাজলকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে জিএমপি গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা ও আহ্বায়ক সদস্য ছিলেন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সাবেক কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের একটি টিম নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায় তার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
আরটিভি/এমএ