ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বাংলা স্টার’ নামে একটি যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাঐখোলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্নায়েন বলেন, ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গগামী লেনে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এসময় বাংলা স্টার গাড়ির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হয়ে আসলেও বাসটিতে আগুন লেগে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।
আরটিভি/টিআই