images

দেশজুড়ে

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৮:৩৮ পিএম

শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র সংগীত বিভাগের ক গ্রুপে দেশসেরা হয়েছে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী। আট বছর বয়সী প্রেয়সী টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার সঞ্জয় চক্রবর্তী বাবুল ও রাখী চক্রবর্তীর কনিষ্ঠ মেয়ে।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি ও ৩ লাখ টাকার পুরস্কার গ্রহণ করেছে প্রেয়সী।

শাহীন ক্যাডেটে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া প্রেয়সী টাঙ্গাইলের সংগীত পরিবারের সন্তান। প্রেয়সীর বড় বোন শ্রেয়সী চক্রবর্তীও পাঁচবার সংগীতে জাতীয় পুরস্কার লাভ করেছেন। শ্রেয়সী বর্তমানে আইসিসিআর স্কলারশিপ পেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ক্ল্যাসিক্যাল মিউজিকে অধ্যয়ন করছেন। তাঁদের বাবা সঞ্জয় চক্রবর্তী বাবুল নিয়মিত বিভিন্ন চ্যানেলে সংগীত পরিবেশন করে থাকেন। মা রাখী চক্রবর্তীও একজন ভালো সংগীতশিল্পী।

প্রেয়সীর সফলতায় টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। আনন্দে উদ্বেলিত প্রেয়সীর বাবা সঞ্জয় চক্রবর্তী আশা করেন, তার মেয়েরা একদিন সংগীতের মাধ্যমে সব মহলের মন জয় করে কালজয়ী সংগীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করবে।

আরটিভি/এসএইচএম