শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১০:১১ পিএম
পাবনার ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে অক্সিজেন সংকট হয়ে ৩৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে করে অক্সিজেনের অভাবে বেশ কিছু নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
জানা গেছে, এরমধ্যে ৩৪ জন গুরুতর অসুস্থ হলে প্রথমে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং অন্যান্যদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেপজা হাসপাতাল থেকে পরে ১৫ জনকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ বিষয়ে হাইজিংটন চায়না চুল কোম্পানির এডমিন রাশিদুজ্জামান বলেন, এসি বন্ধ থাকার জন্য অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন অসুস্থ হয়েছেন। তবে এদের মাঝে কয়েকজনকে অসুস্থ হয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান বলেন, ইপিজেডের ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি বড় ধরণের কোনো দুর্ঘটনা ঘটবে না।
আরটিভি/এফএ