সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:০২ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হবে। এই রায় ঘিরে আজ সকাল থেকেই বাড়ানো হয়েছে সারাদেশে নিরাপত্তা। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে নাওডোবা পর্যন্ত ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে কঠোর নজরদারি বজায় রাখা হয়। রোববার সন্ধ্যার পর থেকেই পুরো জেলায় রাতভর অতিরিক্ত টহল পরিচালনা করেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা।
এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে যাত্রী উপস্থিতি কম থাকায় যানবাহনের সংখ্যা তুলনামূলক কম। রোববার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদ্মা সেতু জাজিরা প্রান্ত পরিদর্শন করেন এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এখন পর্যন্ত পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী বলছে, জননিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নিয়মিত পরিদর্শন সর্বক্ষণ চলমান রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ শুধু পদ্মা সেতুকেই নয়, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সমান প্রাধান্য দিচ্ছে এবং জনগণের নিরাপত্তায় টহল টিম দিনরাত কাজ করছে।
আরটিভি/এস