সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৬:১৩ পিএম
দেশের মানুষ একটি নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কি করে ভন্ডুল করা যায়, সেই চেষ্টা এখন চলছে। তবে এ পথে হেঁটে কোনো লাভ হবে না। দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেটি হবে বিএনপির সরকার।

তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শকে অনুসরণ করা মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করা। শহীদ জিয়াকে অনুসরণ করা হলো বেগম খালেদা জিয়াকে অনুসরণ করা, আর খালেদা জিয়ার পথ অনুসরণ করাই হচ্ছে তারেক রহমানকে অনুসরণ করা।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে তারেক রহমান জাতির আস্থা অর্জন করতে পেরেছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
আরটিভি/আইএম