মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০১:৫৯ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে গভীর রাতে নির্জন গ্রামীণ সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। গোপনীয়তা বজায় রাখতে অধিকাংশ কর্মীর মুখে মাস্ক বা চাদর এবং মাথায় হেলমেট বা টুপি ছিল। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু করে ৪ ঘণ্টার ব্যবধানে সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় এসব ঝটিকা মিছিল বের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সদর উপজেলার ছিলারচর এলাকার বড় সেতুর ওপর ১৫ থেকে ১৭ জন ব্যক্তি মশাল হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাদের হাতে একটি ব্যানারও দেখা যায়। ফেসবুকের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অংশগ্রহণকারীরা মাস্ক এবং শীতের টুপি বা চাদর পরে সেতুটির ওপর দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।
এর কিছুক্ষণ পর দিবাগত রাত ১টার দিকে ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকার গ্রামীণ সড়কে আরও চারটি আলাদা মশালমিছিল বের হয়। এসব মিছিলে ১০ থেকে ১২ জন করে নেতাকর্মী মশাল হাতে স্লোগান দিতে দিতে হাঁটছিলেন। এই ঝটিকা মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার(১৮ নভেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন মিডিয়ায় বিষয়টি দেখেছি। মূলত শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন মশাল মিছিল করে প্রতিবাদ করছে বলে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি।
তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এআর