বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ১২:২৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনী গরুর হাটসংলগ্ন সড়কটি এখন ময়লার স্তুপে ভরপুর। গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে জমে থাকা আবর্জনায় চলাচলে চরম ভোগান্তি হচ্ছে পথচারীদের।
স্থানীয়দের অভিযোগ, কসবা পৌরসভার প্রায় সব ময়লা প্রতিদিনই এখানে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অপসারণ না হওয়ায় জায়গাটি এখন একেবারে আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে আশপাশের দোকান, বাজার ও বাসাবাড়ির মানুষ নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর। প্রতিদিন এই পথ দিয়ে যেতে হয়, এখন আর সহ্য হয় না। শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে।
অন্য কয়েকজনও জানান, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানান সমস্যা ভুগছেন।
বাসিন্দাদের দাবি, বহুদিন ধরে পৌরসভা অস্থায়ীভাবে এখানে ময়লা ফেললেও এখন তা প্রায় স্থায়ী ডাম্পিং স্পটে পরিণত হয়েছে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্পট না থাকায় আপাতত সেখানে ময়লা ফেলা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/এএএ