images

দেশজুড়ে

খাদ্য সংকট, লোকালয়ে বেড়েছে বানরের উৎপাত

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ০১:৪২ এএম

ময়মনসিংহের ভালুকায় বনাঞ্চলের কয়েক হাজার বানর তীব্র খাদ্য সংকটে পড়েছে। খাবারের সন্ধানে এসব বানর লোকালয়ে ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় কৃষকরা। ফসলের ক্ষেত নষ্ট হওয়া থেকে শুরু করে পথচারী হামলার ঘটনাও ঘটছে প্রায়ই। তবে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বন বিভাগ।

উপজেলার হবিরবাড়ী ও কাচিনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে বানরের অবাধ চলাচল। গাছে গাছে কিংবা মাটিতে দলবেঁধে বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করছে তারা। বনাঞ্চল কমে যাওয়ায় দিন দিন বেড়েছে খাদ্য সংকট। ফলে লোকালয়ে ঢুকে ধানক্ষেত, ফলের বাগান ও বিভিন্ন ফসল নষ্ট করছে এসব বন্যপ্রাণী। 

আরও পড়ুন
Web-Image---Copy

ময়লার দুর্গন্ধে হাঁটাচলা দায়, ‘দুর্গন্ধে শ্বাস নেওয়া কষ্ট’

কৃষকদের অভিযোগ, বানর পালের আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেকের ধানক্ষেতে শীষ কেটে ফেলছে বানর। ক্ষেত রক্ষায় কেউ মাচা তৈরি করে দিন-রাত পাহারা দিচ্ছেন, আবার কেউ নেট দিয়ে চারপাশ ঘিরে রেখেছেন। কেউ কেউ বানরের অত্যাচার কমাতে খাবার হিসেবে দিচ্ছেন মুড়ি, বিস্কুট ও চিড়া।

কৃষক আব্দুল মজিদ জানান, দিনে-রাতে ধানক্ষেত পাহারা দিতে হচ্ছে। এত বানরের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না। পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সরকার যদি বনাঞ্চলের ভিতরে ফল বাগান করে তাহলে এসব বানরদেরও খাবার হবে, কৃষকেরা ফসলের ক্ষতি থেকে বাঁচবে। 

এদিকে স্থানীয় বন বিভাগের ভালুকা রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুজ্জামান জানান, শীতকালে কিছুটা খাবারের সংকট দেখা দিলেও আমরা নিয়মিতই বানরগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করছি। এছাড়া ভবিষ্যতে বন্যপ্রাণীর খাদ্যের উৎস তৈরি করতে ফলদ বাগান করার পরিকল্পনা রয়েছে।

আরটিভি/এএএ