বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ০৪:৩৭ পিএম
নরসিংদীতে হাজিরা দিয়ে ফেরার সময় আদালতের ভেতর দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছেন সিয়াম হোসেন (২৮) নামে এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার এমরান মিয়ার ছেলে। হামলার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ছাত্রদল নেতা সিয়াম জানান, বেলা ১১টার দিকে একটি মামলার হাজিরা দিতে নরসিংদী আদালতে যান তিনি। হাজিরা শেষে ফেরার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলেই অজ্ঞাত ৫ থেকে ৬ জনের একটি সন্ত্রাসী দল তাকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকে।
এ সময় আশে পাশে পুলিশ উপস্থিত থাকলেও তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেও। পরে হামলাকারীরা চলে গেলে উপস্থিত লোকজনের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।
নরসিংদী জজকোর্ট পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম জানান, আহত ব্যক্তিরই অপর প্রতিপক্ষ জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
আরটিভি/এএএ