images

দেশজুড়ে

১২ বছর ধরে নিখোঁজ বোনকে খুঁজছেন ভাই, হদিস মিলল নরসিংদীতে!

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৮:১৭ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতুলী গ্রামের হেমন্তী রবি দাস নিখোঁজ হওয়ার পর কেটে গেছে ১২ বছর। অপেক্ষা করতে করতে মারা গেছেন তার মা–বাবা। কিন্তু একমাত্র ভাই রঙ্গু রবি দাস এখনও বোনকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন।

২০১২ সালের ওই ঘটনার পরই পরিবারে নেমে আসে দীর্ঘ শোক। হেমন্তীর নিখোঁজ হওয়ার দুই বছর পর মারা যান মা। আরও তিন বছর পর শোকে চলে যান বাবা। পরিবারের সব দায় দায়িত্ব তখন এসে পড়ে রঙ্গুর কাঁধে। 

রঙ্গু রবি দাস বলেন, মা–বাবা দুজনই বোনের অপেক্ষায় চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমি আজও খুঁজি। মনে হয়, আমার হেমন্তী কোথাও না কোথাও বেঁচে আছে।

স্থানীয়দের ভাষ্য, গত ১২ বছরে গ্রামের পর গ্রাম, থানা থেকে থানা—যেখানেই সম্ভব রঙ্গু খোঁজ করেছেন বোনকে। নিরন্তর দৌড়ঝাঁপে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও হার মানেননি কখনো।

আরও পড়ুন
kashemi

‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

সম্প্রতি আইনি সহায়তার বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে গিয়ে রঙ্গু জানতে পারেন নতুন তথ্য। অভিযোগ অনুযায়ী, নরসিংদীর রায়পুরার মেহেরনগর গ্রামের এক ব্যক্তি সফিকুল ইসলাম, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় নানা কৌশলে হেমন্তীকে হেনস্তা করেন, ধর্মান্তরিত করেন এবং পরে বিয়ে করেন। এ তথ্য প্রকাশ্যে আসার পর এলাকায় নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, পুরো ঘটনার রহস্য এখনও অন্ধকারে। নতুন করে তদন্ত শুরু হলে সত্য উদ্‌ঘাটিত হতে পারে এবং রঙ্গুর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কিছুটা লাঘব হবে।

রঙ্গুর দাবি, সরকার যেন প্রয়োজনীয় আইনি ক্ষমতা প্রয়োগ করে নরসিংদী থেকে তার বোনকে ফেরত আনার ব্যবস্থা করে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।

আরটিভি/এএএ