images

দেশজুড়ে

পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে যুবদল কর্মীতে হত্যা

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১১:০৬ পিএম

ময়মনসিংহে ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে। তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

রেদুয়ান জাহান রিয়াদ নগরীর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ছিনতাইকারী একটি চক্রের মধ‍্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন
Web-Image

পরিচ্ছন্নতাকর্মীকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ৩

নিহত রিয়াদের বাবা মো. সাইদুল হক বলেন, আমার ছেলে যুবদল নেতা ইনছানের সঙ্গে রাজনীতি করতো। পাটগুদাম ব্রিজ মোড়ে অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল। কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। কি কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে বুঝতে পারছি না।

ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইনছান বলেন, রিয়াদ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ওই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে লোকজন। তার হাঁটুর ওপরে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষণে হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

আরটিভি/এমএ